জনগণ চরম দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
সোমবার সকালে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা মহানগর ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশবাসী অনিশ্চিয়তার মধ্য দিয়ে সময় পার করছে। মানুষ ভয়াবহভাবে বিপর্যস্ত, নারীরা আক্রান্ত, শিশু-কিশোররা ভবিষ্যতের চিন্তা করতে পারছে না।
গণতন্ত্র আজ হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ’৬৯-এর গণআন্দোলনের মাধ্যমে প্রমাণ করেছি, বাঙালি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়ে প্রমাণ করেছে বাঙালি পারে।
গোলাম মোস্তফা ভুইয়া আরও বলেন, আওয়ামী লীগ যে কোনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পদদলিত করছে। আর এই কারণেই নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি বাতিল করে একদলীয় নির্বাচন করেছে। তারা মূলত আবারও একদলীয় বাকশালী শাসন পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।
ঢাকা মহানগর ন্যাপের সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সাধারণ সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, সহ-সভাপতি শাহ মো. শাহ-আলম, সম্পাদক তোফাজ্জল হোসেন ভানু, মো. বেলাল হোসেন, ছাত্রনেতা এম.এন. শাওন সাদেকী প্রমুখ।
এএইচ





