‘বিএনপি দেশ নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার বিকেলে দশম সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের উত্তরে এসব বলেন।
তোফায়েল বলেন, ‘বিএনপি নেত্রীর ছেলে মারা গেছে, তারা শোকে মূহ্যমান। তারপরেও রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করেনি। দেশ নিয়ে তারা খেলছে।’ কোনো আন্দোলন সংগ্রামে কিছুই হচ্ছে না উল্লেখ করে তোফায়েল বলেন, ‘আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছে। গার্মেন্টস ও কলকারখানা চলছে, তারপরেও ক্ষতি হচ্ছে।’
সংসদ সদস্য আবদুল মান্নানের প্রশ্নের উত্তরে ‘আপাতত জিএসপি সুবিধার কোনো সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত জিএসপি সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। তাতে আমাদের রপ্তানিতে কোনো সমস্যা নেই। আমরা কেবল ৩ হাজার কোটি টাকার প্লাস্টিকই রপ্তানি করি। এ জন্য এদেশের রপ্তানি কোনো ক্ষতি হবে না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি দিতো। এ সুবিধা বন্ধ করে দেয়ার সময় ১৬টি পয়েন্ট পূরণ করতে বলেছে। আমরা পূরণ করেছি। তাদের এখন জিএসপির ব্যাপারে আগ্রহ নাই।
জেআই





