ঐক্যফ্রন্টের অন্যতম শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন: নির্বাচনে ন্যায় ও সত্যের কবর রচনা করেছে আওয়ামী লীগ।

ভবিষ্যতের আর কোন ভাবেই মানুষের আস্থা নিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না। রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তিনি।

তিনি রোববার বিকেলে ভোটগ্রহণ শেষে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে তারা যে বিশ্বাস করে না, জনগণের প্রতি তাদের যে আস্থা নেই এটা তারা প্রমাণ করে দিয়েছে।

এবারের নির্বাচনে মানুষের যে আস্থা ছিলো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোন জায়গা নেই। আমি লিখিত দিতে পারি, মানুষের ভোটে আওয়ামী লীগ কোন নির্বাচনে জয়ী হতে পারবে না।

কাদের সিদ্দিকী আরো বলেন, এরকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি। সারাদেশের নির্বাচনের কথা শুনেছি; আর সখীপুর-বাসাইলের নির্বাচন আমি স্ব-চোখে দেখলাম, এটাকে কোন নির্বাচন বলে না।

ঐক্যফ্রন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই মূহুর্তে কোন মন্তব্য করা যাচ্ছে না। নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএস