এই মূহুর্তে বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে সরকার ভাবছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সাম্প্রতিককালে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যার দায়ভার যাদের ওপরে তাদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই। এই মুহূর্তে সরকার এটা ভাবছে না, জনগণও এটা চায় না।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তার নিখোঁজ হওয়ার প্রকৃত তথ্য খুব শিগগিরই জাতির সামনে উদঘাটন হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমআর/এমকে