নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি আহূত রোববারের হরতাল সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছে সিপিবি।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কোন হত্যাকাণ্ডের রহস্য সরকার উন্মোচন করতে পারছে না। এমনকি গুম, অপহরণ, হত্যাকাণ্ডের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও, সরকার সে বিষয়ে নিরবতা পালন করছে।
বিবৃতিতে জানানো হয় বর্তমান ভয়াবহ ও আতঙ্কিত পরিস্থিতিতে জনগণকে রাস্তায় নেমে এসে গণপ্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।
নারায়ণগঞ্জের মতো সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান তারা।
[b]ঢাকা, এইচএম, ৩মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]