বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন কায়েম করতেই সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা সংসদের হাতে দেয়া হচ্ছে।
রোববার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পার্লামেন্ট সার্বভৌমত্ব হতে হবে। কিন্তু বর্তমান পার্লামেন্ট জনগনের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট নয়। তাই এ আইন করার পরিকল্পনা বিচার বিভাগ দলীয় করণের আরেকটি প্রচেষ্টার নামান্তর।’
প্রসঙ্গত, ১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকলেও পরে সামরিক শাসক জিয়াউর রহমান এক সামরিক ফরমানে ওই অনুচ্ছেদ বাতিল করেন। বিচারপতিদের অপসারণের ক্ষমতা পরে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ কাছে দেয়া হয়।
মির্জা আলমগীর বলেন, জনগনের ‘প্রতিনিধিত্বহীন’ সরকার যেসব আইন করছে ভবিষ্যতে সেসব আইনের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যাবে।
দেশ কঠিন সময় অতিক্রম করছে দাবি করে বিএনপির এ মূখপাত্র বলেন, অতীতের কোনো সময়েই দেশে এমন পরিস্থিতি তৈরী হয়নি। ক্ষমতাসীনরা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগনের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে বলেও অভিযোগ এ নেতার।
জনগণকে জিম্মি করে সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সবসময় একদলীয় শাসনে বিশ্বাস করে। তাই অতীতের মতো এখনো সংবিধান সংশোধন করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাকশালের পথে হাটছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের শিক্ষা, অর্থনীতি, ব্যাংক, গার্মেন্টসহ সবধরনের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ভবিষ্যতে বিরোধী দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য তাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।
ভবিষ্যত সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘এবার আন্দোলন সফল হবে। এর মাধ্যমে ক্ষমতাসীনদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
উত্তরাঞ্চলের ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদ টুকু, স্বনির্ভর সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম আলীম প্রমূখ।
ঢাকা, এমএইচ, ২০জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর