সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ জানান তিনি।
সোমবার (১৬ জানুয়ারি) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।
শোকবার্তায় খালেদা বলেন, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে তার বিচারিক জীবনে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তার খ্যাতি দেশবাসীর মনে চিরজাগরুক থাকবে।
তার মতো একজন বিচক্ষণ বিচারকের পৃথিবী থেকে চিরবিদায় জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন খালেদা।
বিএনপি চেয়ারপারসন রুহুল আমিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমই





