বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম আন্তর্জাতিক বিমান বন্দর ও একটি মেট্রো রেল স্টেশনে পরপর আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩৪ ব্যক্তি নিহত এবং প্রায় দুইশত ব্যক্তি আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এই বিবৃতি দেয়।
বিবৃতিতে তিনি বলেন, “বেলজিয়ামের স্থানীয় সময় সকাল ৮টায় জাভেনতেম আন্তর্জাতিক বিমান বন্দরে এবং এর এক ঘণ্টা পর একটি মেট্রো রেল স্টেশনে পরপর আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩৪ ব্যক্তি নিহত এবং প্রায় দুইশত ব্যক্তি আহত হয়েছে।
আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আমি এ ধরনের নৃশংস, বর্বরোচিত এবং কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।
এ হত্যাকান্ডে ইসলামের নাম ব্যবহার করলেও এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম কখনো এ ধরনের হত্যাকান্ডের অনুমোদন দেয় না। বোমা হামলাকারীরা শুধু মানবতারই দুশমন নয়, ইসলামেরও দুশমন।
ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির উদ্দেশ্যেই তারা ইসলামের নাম ব্যবহার করে। আমি এ পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি।
আমি নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশা করি বেলজিয়াম সরকার ও জনগণ এ সঙ্কট মোকাবিলা করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সক্ষম হবেন।”
এমবি





