ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেনন বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে। কিন্তু তারা (বিএনপি) নির্বাচন মেনে নেয়নি। নির্বাচন নিয়ে তারা দেশে বিদেশে ধর্না দিচ্ছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার পার্টির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের নির্বাচন নিয়ে প্রশ্ন প্রসঙ্গে মেনন বলেন, সংবিধানে নির্ধারিত পথেই আগামী নির্বাচন হবে। আমেরিকা ও ব্রিটেনে কখন নির্বাচন হবে সে প্রশ্ন তো আমরা তুলি না।

নিশা দেশাই বিসওয়াল শুক্রবার এক বৈঠকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাছে জানতে চান, পরবর্তী নির্বাচন কবে হবে?

দেশে বিকল্প রাজনৈতিক শক্তি প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেস ক্লাব থেকে গোলাপ শাহ (গুলিস্থান) পর্যন্ত মিছিল করলেই বিকল্প শক্তি হবে না।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতাকে বজায় রেখে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বিকাশ করতে হবে।  জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

জেএ