মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবো। আমরা মনে করি যে, প্রত্যেকটি বিষয়েরই একটি সময় আছে। সেই সঠিক সময়ে অর্থাৎ যথা সময়েই অবশ্যই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে আমরা তুলে ধরব।”
আজ (শনিবার) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের এক অনুষ্ঠানে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব।
কেনো নির্বাচনকালীন সরকার বিএনপি চায় তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, “প্রতিদিন নতুন নতুন মামলা দেয়া হচ্ছে, দেশের সবচেয়ে প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গতকালও আমাদের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলীকে গ্রেফতার করা হয়েছে। সারাদেশে প্রতিদিনই গ্রেফতার চলছে। আর তারা (সরকার) নির্বাচনের কথা বলছে। এভাবে পরিবেশ থাকলে সেখানে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে?”
মির্জা ফখরুল বলেন, “আমরা (বিএনপি) বার বার বলেছি, নির্বাচনকালীন সময়ে আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না- এ জন্যে যে আমাদের দীর্ঘপথের এই অভিজ্ঞতা তাদের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কারণ সব কিছুই গায়ের জোরে নিয়ে যেতে চান।”“এই গায়ের জোরে নেয়া প্রতিহত করতে হবে”বলে মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির নির্বাচনের যে অবস্থান সেটা অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি যে, আমরা একটা সমান্তরাল ক্ষেত্র চাই, নিরপেক্ষ সরকার চাই। যেখানে আমরা অংশ নিতে একটা উপযুক্ত পরিবেশ পাই।
আমরা বলেছি, নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে কথা তারা (সরকার) শুনছেও না, সেকথায় তারা যেতেও চান না। তারা জানেন যে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তাদের (আ.লীগ) ভরাডুবি হবে। তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না।”
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান ঢালীসহ ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি





