কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। আমরা অবৈধভাবে কিছু করি না। সব কিছু আইনের মাধ্যমেই হবে।

বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে পাকিস্তান গভীর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ বিস্তারে আইএস নয়, আইএসআই কাজ করছে। একাত্তরে তাদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধবংস করা যাবে না।’

আজ (শনিবার) সদর উপজেলা ও নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে আমন চারা, বীজ ও সার বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মতিয়া চৌধুরী আরো বলেন, ‘যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সাথে কোনো সমঝোতা কিংবা ঐক্য নয়, যেমন বাঘ আর হরিণের সাথে ঐক্য হয় না, তেমনি বিএনপি-জামায়াতের সাথে আওয়ামী লীগেরও ঐক্য হয় না।

তিনি বলেন, গর্ভবতী নারীদের হত্যা করে দেশে ইসলাম কায়েম করা যায় না। আসলে তারা দেশে ইসলাম কায়েম করতে চায় না। দেশকে কারবালা বানাতে চায়। আর জঙ্গিবাদের মদদ দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তারই মদদে জঙ্গিরা একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে।

তিনি বলেন, কুড়িগ্রামের ১৬ হাজার ৬৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে এক বিঘা করে জমি চাষের জন্য আমন চারা, বিভিন্ন গম, ভুট্টা ও সবজি এবং রাসায়নিক সার বিতরণ করা হবে। এ জন্য এককোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার কৃষকদের পাশে আছে ও থাকবে।

পরে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন চারা, সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সমাবেশে বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মইনুদ্দিন আব্দুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মকবুল হোসেন।

এসএম