হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ (২২ এপ্রিল) বৃহস্পতিবার ভোরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

এর আগে বুধবার (২১ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেলে হেফাজত নেতা ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে গ্রেফতার করা হয়।

এমবি