আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিদেশীদের মন্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
তিনি বলেছেন, আমি নিজে কথা বলেছি, অমিত শাহ তো ফোন করেন না। বরং উনাকে ফোন করা হয়েছিল। কিন্তু ফোন নষ্ট থাকায় কথা হয়নি।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি ধ্বংসের রাজনীতি শুরু করেছে। তারা অবরোধের নামে সারাদেশে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। জনগণ এদের অবরোধ প্রত্যাখ্যান করায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হোসেন প্রমুখ।
এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনগুলোও ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কেএইচ





