জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, মুজিবুর রহমান ও তার মেয়ে মুক্তিযুদ্ধ করেনি।
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘প্রশ্নবিদ্ধ জাতীয় ও উপজেলা নির্বাচন, বিতর্কিত নির্বাচন কমিশন গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী জাফর বলেন, ‘শেখ মুজিবুর রহমান কেন যে স্বেচ্ছায় কারাবরণ করেছেন তা আজো আমাদের বোধগম্য নয়। তিনি হয়ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেন নি তার মেয়েও করেন নি।’
তিনি আরও বলেন, ‘আমি নিজের কানে শুনেছি জিয়াউর রহমান বলেছেন, ‘আমি মেজর জিয়া বলছি’ এটা বলে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তা অস্বীকার করতে পারি না।’
তিনি  বলেন, বর্তমান সংসদের প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এমনকি বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদসহ ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৫ জানুয়ারির প্রহসণমূলক নির্বাচন একদিন হয়তো গিনেস বুকে স্থান পাবে।
কাজী জাফর বলেন, ‘উপজেলা নির্বাচনে সম্পূর্ণ নগ্নভাবে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে বিরোধী দলের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগের অধীনে কোনো প্রকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।’
সম্মিলিত পেশাজীবি পরিষদের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘অনেকেই বলেছেন বেগম জিয়া জাতীয় নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। আজ উপজেলা নির্বাচনের পর তারাই বলছেন যে বেগম জিয়া ভুল করেননি। কারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সর্বশক্তি প্রয়োগ করত।’
সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, হেলেন জেলিন খান প্রমুখ।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআ[/b]ই