গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে সাহসী অবদান ও কৃতিত্বের জন্য জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। জিয়াউর রহমানকে দেওয়া সেই পদবি অপসারণের চেষ্টা করে সরকার বঙ্গবন্ধুকেই অপমান আর অসম্মান করছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নতুন গ্রন্থ ‘করোনাকালে বাংলাদেশ’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বর্তমান সরকার হঠাৎ জিয়াউর রহমানকে দেওয়া মুক্তিযুদ্ধের সম্মানসূচক পদবি অপসারণের চেষ্টা করছে। অথচ জিয়াউর রহমানকে এই পদবি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সম্মানসূচক উপাধি অপসারণের চেষ্টা চালাচ্ছে সরকার। আমি মনে করি, সরকারের এসব কর্মকাণ্ড পাগলামির নামান্তর।

প্রফেসর ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. নজরুল ইসলাম, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএমএ’র মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য দেন।

এমবি