পদ্মা সেতুর নামেই পদ্মা সেতু নির্মাণ করা হবে, কারও নামে পদ্মা সেতু হবে না বলে সাব জানিয়ে দিলেন  যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যোগাযোগমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারও নামে নয় পদ্মা সেতু, 'পদ্মা সেতু' নামেই নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দু'জন মিলেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

বিএনপি যতই আন্দোলনের হুশিয়ারি দিক আন্দোলন করার শক্তি সামর্থ্য তাদের নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনের হুমকি সম্পর্কে তিনি বলেন, এখন আষাঢ় মাস। আষাঢ়ে তর্জন গর্জনের কথা আমরা শুনেছি। বিএনপির আন্দোলনের হুমকি আষাঢ়ে তর্জন গর্জন ছাড়া আর কিছুই না। 

শামীম হত্যা চেষ্টার সম্পর্কে তিনি বলেন, শামীমের হত্যা চেষ্টাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বিলম্বিত করা হচ্ছে। যদি শামীম হত্যা চেষ্টাকারীদের বিচার না হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের সম্মুখীন হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম চৌধূরীর সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক বন ও পরিবেশ বিষয়কমন্ত্রী ড. হাসান মাহমুদ. সংসদ সদস্য ও ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ প্রমূখ।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর