জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের জেনে রাখা উচিত তাদের ষড়যন্ত্রের চেয়ে মানুষকে রক্ষাকারী মহান আল্লাহর পরিকল্পনা অনেক মজবুত। সময়ের ব্যাপার মাত্র জুলুমবাজ এই সরকার জনগণের পাকড়াও এর শিকার হবে এবং অবৈধ এই সরকারের পতন ঘটিয়ে নেতৃবৃন্দকে মুক্ত করতে হবে।
শুক্রবারসকালে রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াত আয়োজিত মাওলানা সাঈদীর আমৃত্যু কারাদণ্ড এবং সারাদেশে হত্যা, গুম, খুন, অপহরণ ও আটক নেতাদের মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন।
ড.রেজাউল বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। সেবকের পরিবর্তে বাকশালী চরিত্রের এই দলটি আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি বলেন, তাদের কাছে কোনো মানুষের জান-মাল এখন আর নিরাপদ নয়। হত্যা, গুম, খুন ও অপহরণসহ জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে বিরোধী মত ও পথের নিরাপরাধ মানুষগুলোকে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে নানা রকম ফন্দি ফিকিরে ব্যস্ত আওয়ামী সরকার।
তিনি আরও বলেন, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর একটি কালো অধ্যায় হিসেবে আবার ইতিহাসে স্থান করে নিল। এই দিনে বিশ্বনন্দিত একজন কুরআনের খাদেমের আমৃত্যু সাজা দেয়া হল। এর ফলে হয়ত বিশ্বের এক’শ পঞ্চাশ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কোটি কোটি কুরআন প্রেমিক তাদের চোখের পানি জড়াচ্ছে, আল্লাহর দরবারে ফরিয়াদ আর আর্তনাদ করে। পৃথিবীর অসংখ্য মুসলমানেরা হয়ত এই সংবাদে ব্যথিত ও আবেগে আপ্লুত। তারা হয়ত কুরআনের এই খাদেমকে অনেক বেশি ভালোবাসে পছন্দ করে। একজন কুরআনের খাদেমের প্রতি অবিচারের বিচারের ধ্বনি আজ যেন নিভৃতে কাঁদছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, গোলাম কিবরিয়া, জামায়াত নেতা মাহবুবুর রহমান, মাওলানা জাহাঙ্গীর, শিবিরের রামপুরা থানা সভাপতি রাশেদ মোশাররফ ও শিবিরের রমনা থানা সেক্রেটারী আনিসুজ্জামান প্রমুখ।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





