বরিশাল আসছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফি। বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিতে আল্লামা শফির বরিশাল আসার কথা নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের বরিশাল বিভাগীয় আমীর মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।

আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২ দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বয়ান রাখার কথা আল্লামা শাহ্ আহমদ শফীর।

বরিশাল বিভাগীয় হেফাজতে ইসলামের আমীর মাওলানা ওবায়দুর রহমান মাহবুব জানান, হুজুরের (আল্লামা শাহ্ আহমদ শফী) সাথে দেখা করে বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রণ জানানো হলে তিনি আমন্ত্রণ কবুল করেন। তবে ভিসা না পাওয়ায় ২ দিনব্যাপী অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতী আমিন পালনপুরী আসতে পারছেনা বলে জানিয়েছেন মাওলানা মাহবুব।

এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আহ্বায়ক নূর হোসেন কাসেমী, কওমী মাদ্রাসা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, আল্লামা শায়খ আহমদ, মুফতী ওমর ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতী নজরুল ইসলাম ও মুফতী আব্দুর রাজ্জাককে মহাসম্মেলন ও মাহফিলে আমন্ত্রণ জানানোর কথা নিশ্চিত করেছেন হেফাজতের বিভাগীয় আমীর।

তিনি বলেন, এটা কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়, ধর্মীয় সম্মেলন ও মাফফিল। তারপরও সরকার হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফিসহ অন্যান্য অতিথিদের আসতে দেয় কিনা, তা নিয়ে তারা শঙ্কায় রয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) শোয়েব আহমেদ জানান, বরিশাল নগরীতে বিভাগীয় মহাসম্মেলন করার অনুমতি চেয়ে পুলিশের কাছে তারা লিখিত আবেদন করেছেন। বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মহাসম্মেলনের অনুমতি দেয়া যায় কিনা তা আজকের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

জেএ