ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের মোল্লাপাড়ায় আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুরের ঘটনাও ঘটেছে। ঘটনার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পথচারীরা জানিয়েছে।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন২০ দলীয় জোট মনোনীত ‘ধানের শীষ’র প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারী ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
গতকাল (১৮ ডিসেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ায় আওয়ামী লীগের অফিসে এই হামলার ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাদন ফকির হামলার নিশ্চিত করে বলেন, মোল্লাপাড়ায় আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনাও ঘটেছে। এসময় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি, তবে এখনও নিশ্চিত হতে পারিনি। এছাড়া, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পথচারীরা জানিয়েছে। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা আমার খতিয়ে দেখছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এই ঘটনায় হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াকে এই ঘটনায় কোন হতাহত এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের কোনো আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি বা চিকিৎসার নেয়ার জন্য আসেনি।
গতকাল (মঙ্গলবার) ঢাকা-১৫ আসনের মোল্লাপাড়ার আওয়ামীলীগ অফিসে হামলা ও ভংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর-কাফরুলে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের হামলা একটি কাপুরোষিত কাজ। একটি বিশেষ মহল নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সর্বত্র শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা একান্ত প্রয়োজন। এই ব্যাপারে তিনি ইসি ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। এছাড়া, এই আসনে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
এমবি





