পবিত্র রমজানের প্রথমদিন এতিম ও উলামা মাশায়েকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই ইফতার অনুষ্ঠিত হয়। ৬টা ৪০ মিনিটে ইফতার মাহফিল অনুষ্ঠানে আসেন খালেদা জিয়া। এরপর তিনি বিভিন্ন টেবিলে গিয়ে আমন্ত্রিত ওলামা-মাশায়েক ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার পূর্ব সময়ে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উলামায়ে-মাশায়েক ছাড়াও তেজগাঁও, শান্তিনগর ও ফকিরেরপুলের দুই শতাধিক এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেন। প্রত্যেক টেবিলে এতিমদের ইফতারের বিষয়টি দেখার জন্য বিএনপির একজন সিনিয়র নেতা তাদের সঙ্গে ইফতার করেন।

মূল মঞ্চে বসে খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরী, ছারছিনা দরবার শরিফের মাওলানা শাহ আরিফ বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, পিরোজপুর জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাওলানা মাসুদ সাঈদী ।

বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এমকে আনোয়ার, লে. জে. (অব) মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, সারোয়ারি রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার,  মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ