জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এ এস এম রুহুল কুদ্দুস -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।  

আজ (শুক্রবার) এক শোক বার্তায় নুরুল ইসলাম বুলবুল মরহুম মাওলানা এ এস এম রুহুল কুদ্দুস -এর ইসলামের দাওয়াত প্রচার, প্রসার ও ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।  

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।  

মরহুম এ এস এম রুহুল কুদ্দুস দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং আজ (০৪ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এছাড়াও তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালের মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মাওলানা রুহুল কুদ্দুস জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদকের দায়িত্ব’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আজ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব তথ্য জানানো হয়।   

মরহুমের ১ম নামাজে জানাজা আজ (শুক্রবার) বাদ আসর রাজধানীর কদমতলীর দনিয়ায় বাইতুর রহমত জামে মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুঁইয়ার ইমামতিতে অনুষ্ঠিত হয়।

জানাজায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবু ফতেহ, আমিরুল ইসলাম বাহার, আহসান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।

মরহুমের ২য় জানাজা তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে এবং সেখানে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।

এমবি