ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসনের বিলোপ ঘটিয়ে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে কেন্দ্র শাসিত দুটি আলাদা অঞ্চল সৃষ্টি করার যে ঘোষণা দিয়েছে তাতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (০৬ আগস্ট) দলটির আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সে দেশের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসনের বিলোপ ঘটিয়ে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে কেন্দ্র শাসিত দুটি আলাদা অঞ্চল সৃষ্টি করার যে ঘোষণা প্রদান করেছে তাতে আমি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি। ভারত সরকারের মুসলিম জাতিসত্তা বিরোধী এ ঘোষণায় গোটা বিশ্বের মুসলমানসহ সকল শান্তিকামী মানুষ উদ্বিগ্ন, উৎকন্ঠিত ও মর্মাহত। তারা এ ঘোষণার মাধ্যমে উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক হীন স্বার্থই সংরক্ষণ করতে চায়।”
তিনি বলেন, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের জনসংখ্যাগত চারিত্রিক বৈশিষ্ট্য বদলে দিয়ে জোরপূর্বক তাদেরকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধিনস্ত রাখার হীন উদ্দেশ্যেই ভারত সরকার জম্মু-কাশ্মীরকে দ্বিখন্ডিত করে কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে ২টি অঞ্চল গঠনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে ভারত সরকার সেদেশের দীর্ঘ দিনের ঐতিহ্যকে ধূলিস্যাৎ করে দিয়েছে। সেখানকার জনগণের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করেই ভারত সরকার ইতোমধ্যেই জম্মু-কাশ্মীরের দু’জন সাবেক মুখ্যমন্ত্রীসহ অনেক নেতাকেই গ্রেফতার করে সেখানে ১৪৪ ধারা জারী করেছে। ভারত সরকারের এ বলপ্রয়োগের সিদ্ধান্ত অন্যায়, অমানবিক এবং আন্তর্জাতিক রীতি-নীতির পরিপন্থী।”
মকবুল আহমাদ বলেন,“ভারত সরকার ১৯৪৭ সাল থেকেই জম্মু-কাশ্মীরের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের মতামত উপেক্ষা করে সামরিক শক্তির জোরে জম্মু-কাশ্মীরকে দখল করে রেখেছে। জম্মু-কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতার প্রশ্নে জাতিসংঘে ১৯৪৮ সালে কাশ্মিরে গণভোটের সিদ্ধান্তকারী প্রস্তাব গৃহিত হয়। ভারত সে প্রস্তাবে সম্মতি প্রদান করে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি। বরং জম্মু-কাশ্মীরের মুসলমানদের পাশবিক শক্তির জোরে দমন করে রাখার জন্য ভারত সরকার দীর্ঘ ৭২ বছর যাবত গণহত্যা, জুলুম-নির্যাতন-অত্যাচার চালাচ্ছে।”
“ভারত সরকার জম্মু-কাশ্মীরের মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে তাদের সেদেশ থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত সরকার জম্মু-কাশ্মীরের মুসলমানদের নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রসহ শান্তি-কামী বিশ্ববাসীর দায়িত্ব।”
“তাই জম্মু-কাশ্মীরের মুসলমানদের ভারত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যা থেকে রক্ষা করার স্বার্থে দ্রুত এগিয়ে আসার জন্য বিশেষভাবে সকল মুসলিম রাষ্ট্র, জাতিসংঘ, ওআইসিসহ সকল মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী রাষ্ট্রের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষতি এক প্রেসবার্তায় এইসব কথা জানানো হয়েছে।
এমবি





