আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ধর্মের নামে তাণ্ডব চালায় তাদের আর বরদাশত করা হবে না। আঘাতের পাল্টা আঘাত করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন হানিফ।
বুধবার (০৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাংচুর হওয়া আওয়ামী কার্যালয় পরিদর্শন শেষে হানিফ এসব কথা বলেন।
গত শনিবার সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছিত ও অবরুদ্ধ থাকার খবরে হেফাজত কর্মীরা তাকে উদ্ধার করে এরপর আওয়ামী কার্যালয়, যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি এবং রয়েল রিসোর্টে ভাংচুর চালায়। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে সোনারগাঁও আসেন।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, মামুনুল হকের ঘটনাকে কেন্দ্র করে যারা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা ভাংচুর চালিয়েছে তাদের রেহাই নাই।
তিনি বলেন, হামলাকারীদের প্রত্যেকের তালিকা করে আইনের আওয়াত এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে। হামলা কারীদের তালিকা করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শহীদ মো: বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ডা: আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।
এমবি





