মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যা ও জুলুম-নির্যাতন বন্ধ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ আহবান জানান।

মকবুল আহমাদ বলেন, “মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর যুগ যুগ ধরে চলছে মিয়ানমার সরকারের চরম জুলুম-নির্যাতন। নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ-বৃদ্ধা নির্বিশেষে রোহিঙ্গা মুসলমানগণ প্রচন্ড জুলুম-নির্যাতনের শিকার হয়ে সুদীর্ঘ কাল যাবত মানবেতর জীবন-যাপন করছে।

তিনি বলেন, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে এবং বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে। মায়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর চরম নির্যাতন চালাচ্ছে। নিজ দেশে থাকতে না পেরে তারা বাঁচার আশায় থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সমুদ্র পথে নৌযানে পাড়ি জমাচ্ছে।

নৌযান ডুবে তারা সাগরের পানিতে ভাসছে ও ডুবে মরছে। সাগরে ভাসতে ভাসতে শুধু রোহিঙ্গা মুসলমান মরছে না, মানবতারও মৃত্যু হচ্ছে। তাদের বাঁচানোর জন্য এগিয়ে আসা সকলের মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মায়ানমার সরকারের গণহত্যা, অত্যাচার-নির্যাতন ও বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিসংঘ ও ওআইসিসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এমকে