বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার দেহ থেকে টিউমার অপসারণ করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

গত ১৩ জুন সোমবার নিউইয়র্ক সিটিস্থ বিশ্বখ্যাত মেমোরিয়াল ক্যাটারিং হাসপাতালে ক্যান্সর বিশেষঞ্জ ডা. প্যাট্রিক জে বোলান্ড-এর তত্বাবধানে সার্জারী সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত খোকা ২০১৪ সালের ডিসেম্বর থেকে চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অপারেশন শেষ হয় বেলা একটার দিকে। তার বাম উরু থেকে টিউমারটি সারানোর পরও সাড়ে ছয় ঘন্টা তাকে বিশেষ তত্বাবধানে রাখা হয় এবং সাড়ে ছয় ঘন্টা পর কেবিনে স্থানান্তর করা হয়। অপারেশনের সময় বিএনপি নেতা খোকার স্ত্রী ইসমত আরা, জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন ও তার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না হাসপাতালে ছিলেন।

সাদেক হোসেন খোকাকে অন্তত এক সপ্তাহ হাসাপতালে থাকতে হবে। ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি ২০১৪ সালে নিউইয়র্কে আসার পর মেমোরিয়াল ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেন এবং চিকিৎসাকালীন সময়ের কয়েক মাস পর তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসকরা তা অপসারণের সিদ্ধান্ত নেন। এজন্য গত ৯ জুন তিনি হাসপাতালে ভর্তি হন।

সাদেক হোসেন খোকাও তার রোগ মুক্তির জন্য সকল প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এমআর