জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, শুধু লকডাউন করেই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের দেশে সামাজিক ঘনত্ব অনেক বেশি। তাই স্বাস্থ্যখাতে আরও বেশি গুরুত্ব দিতে হবে। করোনা পরীক্ষা আরও বাড়াতে হবে, পাশাপাশি দ্রুত রিপোর্টের ব্যবস্থা করতে হবে। এরজন্য স্বাস্থ্যখাতে ভুর্তকি বাড়ানোর প্রয়োজন।

বুধবার (২০ মে) দুপুরে তিনশ’ ফিটের কাঞ্চন কেরাবো লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসার সামনে জাপার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরও বলেন, “এটা একটি বৈশ্বিক সমস্যা। সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থার আজ বেহালদশা। পৃথিবীর উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের মত দরিদ্র দেশ যেভাবে করোনা মোকাবেলায় এগিয়ে চলছে সেখানে জনগণ যদি সামাজিক দূরত্ব বজায় রাখে এবং আর কিছুদিন ঘরে অবস্থান করেন তাহলে অচিরেই আমরা সুফল পাবো।”

এসময় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি