ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রতিনিধি দলের হাতে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম-খুন হওয়া বিরোধী দলের নেতাকর্মীদের একটি তালিকা তুলে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে গেলে এই তালিকা দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৯ সদস্যের প্রতিনিধি দলটি বেগম জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করে। এই ৯ সদস্যের মধ্যে তিনজন ইইউয়ের আবাসিক প্রতিনিধি।

এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিনিধি দলটি বেগম জিয়ার কার্যালয় থেকে বেরিয়ে চলে যান। সেখানে সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের সঙ্গে কোনো কোনো কথা বলেননি প্রতিনিধি দলের কোনো সদস্য।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের মধ্যে ছিলেন- ক্রিশ্চিয়ান দান প্রেদা (প্রধান), ইয়োসেফ ভেইডেনহোলজার, মার্সিন গাসিউক, লেভেন্ত সাসজি, ক্যারল কারস্কি, ব্রিগিত ব্রাতাইল। বিএনপি পক্ষে বেগম জিয়া ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা আব্দুল কাইয়ুম।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতিতে ইইউ প্রতিনিধি দল উদ্বেগ জানিয়েছে। বিএনপির কাছে জানতে চেয়েছে আসলে পরিস্থিতিটা কী? কেন এ অবস্থা? চলমান পরিস্থিতির সমাধান কী এ বিষয়েও প্রতিনিধি দল বিএনপির কাছে জানতে চেয়েছে।

একইসঙ্গে দ্রুত সঙ্কট সমাধানেরও আহ্বান জানিয়েছে প্রতিনিধি দলটি।

এরআগে গত ৮ ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ ঢাকার বিদেশি দূতাবাসে গুম-খুনের তালিকা দিয়েছেল বিএনপি।

সরকার সহিংসতা করছে
ইইউ প্রতিনিধি দল চলে যাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধি দল বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিএনপির আন্দোলন এসব বিষয়ে জানতে চেয়েছিল। বিএনপির পক্ষ থেকে তা তুলে ধরা হয়েছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি জানিয়েছে, এসব সহিংসতা সরকার করছে। আমরা সহিংসতা করছি না। আমরা কাউকে করতে বলিনি। সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই এসব করছে।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘ইইউ প্রতিনিধি দলকে বিএনপি জানিয়েছে, যারা প্রকৃত অপরাধী বিএনপি তাদের শাস্তি চায়। কিন্তু সরকার যাকে খুশি তাকে ধরছে। গুলি করছে। হত্যা করছে।’

গুমের তালিকার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা গুম-খুনের একটি তালিকা দিয়েছি। এই তালিকা আগেও দেয়া হয়েছে। এটা নতুন কিছু নয়।’

বর্তমান সরকারকে অনির্বাচিত দাবি করে নজরুল ইসলাম খান সংলাপের বিষয়ে বলেন, ‘একটি নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে বিএনপি সংলাপে রাজি আছে।’

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির এই প্রতিনিধি দলটি চারদিনের সফরে ঢাকা এসেছে। এই সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এছাড়া তারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

জেআই