সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি শতকরা ৮০ ভাগ মেয়র পদে জয়ী হবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যার আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিএনপি সব নির্বাচনে অংশ নিয়েছে। কোনো নির্বাচনকে ভয় পায় না। জনগণ ভোট দিতে পারলে বিএনপি পরাজিত হবে না। পরাজিত করতে হলে ব্যালট পেপার ছিড়ে পরাজিত দেখাতে হবে। এমনিতে পরাজিত হবে না।’

‘পৌর নির্বাচনে ক্ষমতাসীনরা আচরণবিধি লঙ্ঘন করলেও এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই’, উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার সম্ভব নয়। পৌর নির্বাচনকে ৫ জানুয়ারির মতো আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে।’

রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

‘জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর আগ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে’ জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এখন দেশে মৌলিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শোষণ চলছে। এর বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে। কখনো রাজপথে, কখনো অন্যভাবে।’

সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বক্তব্য রাখেন। এ ছাড়া যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন, শ্রমিক দলের সহসভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনির হোসেন, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট বক্তব্য রাখেন।

এমএইচ