বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২৪ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি কার্যালয়ে প্রবেশ করেন।

২৪ জানুয়ারি রাতে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে সর্বশেষ গুলশান কার্যালয়ে আসেন তিনি।

নজরুল ইসলাম খানের পরপরই গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। এ ছাড়া পার্লামেন্টের তিন কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন।

ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির উপ-প্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। এ ছাড়াও উপস্থিত আছেন- ক্যারল ক্রাসিক (পোল্যান্ড), ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া) প্রমুখ।

বিএনপির পক্ষে ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়াসহ দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত আছেন।

কেএইচ