বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির (আমিসহ) যে তিন মন্ত্রী আছেন আমরা অল্পকিছুদিনের মধ্যেই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবো বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট করার কোনও সম্ভাবনা নেই বলেও তিনি জানান।
আজ (শুক্রবার) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।
“পদত্যাগের ব্যাপারে ইতোমধ্যেই আমরা আলোচনা করেছি। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।” জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, “সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সঠিক কথাটি বলেছেন। তিনি বলেছেন, মন্ত্রীসভায় নিজ দলের লোক থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি’সহ অনেকে সমালোচিত হয়েছি। তবে সরকারি দলের সঙ্গে মন্ত্রীসভায় থাকা একটি রাজনৈতিক কৌশল।”
এরশাদ আরও বলেন, বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার কোনই সম্ভাবনা নেই। আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরেও সরকার চেষ্টা করছে। আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশ নেয়া উচিত।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সরাসরি রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এসময় দলের মহাসবিচ রুহুল আমিন হাওলাদার, কোচেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা’সহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
এমবি





