১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফ.আই.আর-এ মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে।
সরকারের উদ্দেশ্যই হলো, যেকোন উপায়ে মাওলানা নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা এই হরতাল কর্মসূচি ঘোষাণা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান সোমবারের হরতাল সফল করার জন্য ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সর্বস্তরের পেশাজীবী সম্প্রদায়সহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।[b]
ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]