একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ (শনিবার) রাত ১০ টার দিকে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

এর ফলে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন আইনী বাধা থাকলো না।  

বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ (শনিবার) রাতেই ফাঁসি কার্যকর হতে পারে। তবে, এ বিষয়ে এখনো সুস্পষ্ট করে কিছু জানা যায়নি।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড আজ (শনিবার) রাতেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান।

আজ শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। তবে কখন কার্যকর করা হবে সেটি তিনি জানাতে পারেননি

এদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে প্রাণভিক্ষার আবেদন করার তথ্য তারা বিশ্বাস করেন না।

দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত দুই দিন ধরে পরিবার ও আইনজীবীদের সাথে কোন ধরনের যোগাযোগ করতে দেয়া হয়নি সাকা ও মুজাহিদকে।

দুইদিন আগে যখন তারা পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিলেন তখন তারা জানিয়েছিলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না। তবে, তারা আইনজীবীদের সাথে কথা বলতে চেয়েছিলেন।

দুই নেতা ও তাদের দলের ইমেজ ক্ষুন্ন করতেই সরকার ও কতিপয় মিডিয়া এমন মিথ্যা তথ্য প্রদান করেছে বলেও অভিযোগ দুই পরিবারের পক্ষ থেকে।

এদিকে, রাষ্ট্রপতির কাছে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদনের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়ে তার স্ত্রী তামান্না ই জাহান বলেন, কারা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে রাষ্ট্রপতির কাছে মুজাহিদের প্রাণ ভিক্ষার যে খবর প্রচার ও প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি জানান, তার স্বামী আইনজীবীদের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেননি এবং নেবেন না। গত দুইদিন ধরে তার আইনজীবীরা মুজাহিদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে পারেননি। যার কারণে মুজাহিদ পরবর্তী করণীয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু একটি মহল কিছু তথ্য উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাই এসব সংবাদে কান না দেয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

এদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরী টাইমনিউজবিডিকে বলেছেন, তার ভাই কখনও প্রাণভিক্ষার আবেদন করেননি।

তিনি বলেন, তার ভাইয়ের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

কেবি