বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, ভবিষ্যতে নির্বাচন থেকে বাইরে রাখতে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হচ্ছে।
তিনি বলেন, ‘ষড়যন্ত্র চলছে। নির্বাচন থেকে বিএনপি নেতাদের বাইরে রাখার জন্য। কিন্তু নির্বাচনে জেতার জন্য বড় নেতার প্রয়োজন হয় না।’
বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিক দল এর আয়োজন করে।
এ সময় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সম্পত্তির তথ্য গোপণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদুকের (দুর্নীতি দমন কমিশন) করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম।
তিনি বলেন, সাদেক হোসেন খোকা আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। এমন কি জুলুম পড়েছে যে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে সাজা দেওয়া হলো?
দেশের মানুষ তাদের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায় মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। সেজন্য তারা নির্বাচনে প্রতিযোগিতায় ভয় পায়। সরকার ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিদের বাইরে রেখে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। এ সরকার ধর্মের নামে অধর্ম আর গণতন্ত্রের নামে অগণতন্ত্রের চর্চা করছে।’
সম্প্রতি দুই বিদেশি হত্যায় বিএনপি নেতাদের জড়িয়ে বক্তব্য দেওয়ার সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, বিএনপি সবসময় এ ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু কোনো তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ঢাকা মহানগরের সদস্য সচিবসহ অনেককে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক নয়।
বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া চলছে জানিয়ে দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, সরকার বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ক্ষমতাসীনদের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
এর আগে বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে যোগ দেন নজরুল ইসলাম। এ সময় তিনি পুজামন্ডব পরিদর্শন করেন।
এমএইচ





