বঙ্গবন্ধু ও ৭ই মার্চ অস্বীকারকারী ও আগুনসন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকে রেহাই দেয়া মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত ও ইতিহাস পোড়ানোর লাইসেন্স দেয়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে ৭ই মার্চ উপলক্ষ্যে রাজধানীর জাসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেমন বঙ্গবন্ধুর সঙ্গে পাকিস্তানি প্রেসিডেন্টের দ্বন্দ্ব নয়, একটি জাতির সঙ্গে শোষকদের যুদ্ধ।

তেমনি বর্তমান প্রেক্ষাপট শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার দ্বন্দ্ব নয়। এটি বাংলাদেশ ও গণতন্ত্রের সঙ্গে যুদ্ধাপরাধী, রাজাকার ও আগুনসন্ত্রাসীদের দোসর খালেদা জিয়ার যুদ্ধ। এ যুদ্ধে হারলে বাংলাদেশ, ইতিহাস ও গণতন্ত্র পুড়বে। কারণ যারা মানুষ পোড়ায়, তারা দেশ, ইতিহাস ও গণতন্ত্রও পোড়ায়। এ থেকে রক্ষা পেতে হলে আগুনসন্ত্রাসী ও তাদের নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।’

‘পাকিস্তানি, রাজাকার, জেনারেল জিয়া, বিদেশীচক্র এরপর খালেদা জিয়া-জামাত চক্র ৭ই মার্চ ও বঙ্গবন্ধুকে অস্বীকার করে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। কিন্তু আগুনসন্ত্রাসীদের মিথ্যাচারের আবর্জনায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ঢাকা পড়বে না। সর্বাত্মক ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণ তা প্রতিহত করবে’, বলেন হাসানুল হক ইনু।

মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান, শিরিন আখতার, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাসদ নেতা করিম শিকদার, শফিউদ্দিন মোল্লা, শহিদুল হক, যুবজোট সভাপতি রোকনুজ্জামান, শ্রমিক জোট নেতা কাজী সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবীব প্রমুখ।

ইআর