বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কখনই মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি সোমবার বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপিকে এদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস স্বীকার করে নিতে হবে। এর বাইরে রাজনীতি করা যাবে না।’
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। এখন তারা সে মাশুল দিচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সামনে রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে। আশা করছি, সে সুযোগ তারা হাতছাড়া করবে না।’
বিএনপি নেত্রী ও তার দল সব সময় সমস্ত রাষ্ট্র প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে বলেও অভিযোগ করেন সৈয়দ আশরাফ।
বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছিলেন।
১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। তার গড়া বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমকে





