অতীতের যে কোন স্থানীয় নির্বাচনের চাইতে এবারের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ২০০৯ সালে যে নির্বাচন হয়েছে তার চেয়ে এ নির্বাচন অনেক ভালো হয়েছে। এ নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি। বরং সরকার প্রশাসনের লোকদেরকে বলেছে-সরকারের যাতে দুর্নাম না হয় সে দিকে খেয়াল রাখতে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই বিএনপি ১৬৪টি উপজেলায় জয়লাভ করেছে। এমনকি জামায়াতেরও অনেক প্রার্থী বিজয়ী হয়েছে। যা কেউ ভাবতেও পারেনি। পীরগঞ্জ, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জের একটি উপজেলায় বিএনপি জয় লাভ করছে। এটাই সুষ্ঠু নির্বাচনের প্রমাণ।
ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনের শুরু ও শেষ ভালো হয়েছে। শেষ ধাপে মাত্র একজন মারা গেছে। তাও আবার আমাদের যুবলীগের কর্মী।
আওয়ামী লীগের অনেক ঘাটিতে বিএনপি জয়লাভ করছে এতে সরকারের জনপ্রিয়তা কমেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন সরকারের জনপ্রিয়তার মাপকাঠি নয়। তবে নির্বাচনের ১ মাস আগেও জনপ্রিয়তার পারদ ওঠা-নামা করে।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, ৯টি সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে ৭টি জয়লাভ করার পরও বিএনপি বলছে-গেলোরে গেল সরকারী দল সব নিয়ে গেল। এরকম মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর,১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআাই[/b]
রাজনীতি
অতীতের চাইতে নির্বাচন সুষ্ঠু হয়েছে
অতীতের যে কোন স্থানীয় নির্বাচনের চাইতে এবারের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের





