আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থান পরিবর্তন হয়েছে।
যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসবিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে র্যাপ মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর আইনমন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, সব ধরনের চাপের মধ্যেও চাপমুক্ত এবং নিরপেক্ষ থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ পরিচালনা করে যাচ্ছেন। এ বিচারকাজে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে বলে র্যাপ জানান।
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিকল্প সুযোগ থাকলে সেটি নিতে র্যাপ আইনমন্ত্রীকে অনুরোধ করেন।
আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে।
র্যাপ আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিচারের একটি ভালো দিক হলো, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি, জেআই





