বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন না করে খালেদা জিয়া ভুল করেছেন। তথাকথিত আন্দোলনের নামে তিনি দেশের ক্ষতি করেছেন। তা বুজতে পেরেই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এজন্য তাকে অনেক ধন্যবাদ, তার শুভবুব্ধির উদয় হয়েছে।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশটাকে নিয়ে খালেদা জিয়া তিন মাস খেলা করেছেন। হরতাল-অবরোধ দিয়ে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের আসতে বাধা দিয়েছেন। একুশে ফেব্রুয়ারি অবরোধ রেখেছেন, স্বাধীনতা দিবসে অবরোধ রেখেছেন, ছেলের মৃত্যুর পরেও হরতাল-অবরোধ রেখেছেন।

তিনি বলেন, সিটি নির্বাচন দিয়ে তাদের এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছে। খালেদা জিয়া কোর্টে গেলেন, নির্বাচনে অংশ নিলেন কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে এতগুলো জীবন তিনি কেড়ে নিলেন কেন। দেশের অর্থনীতির ক্ষতি করলেন কেন। বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্থ করলেন কেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা বন্ধ হয়ে গেছে, নাশকতার খবর নেই, পেট্রোল বোমাও কমে গেছে। কারণ যারা কাজগুলো করেছে তাদের অনেকেই ধরা খেয়েছেন। ছাত্রছাত্রীর পরীক্ষা বাধাগ্রস্থ করেছেন। সবকিছু মোকাবিলা করে আমরা দেশকে স্বাভাবিক রাখতে পেরেছি।

তিনি বলেন, দেশের মানুষ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস খালেদা জিয়া আর এই পথে যাবেন না।

তিনি বলেন, তিন মাসে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা ছাড়া অগ্নিদগ্ধ করা ছাড়া আর কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয়েছে। তিনি কোর্টে যাবেন না বলে গো ধরলেও শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের প্রশ্ন এই ৯২ দিন তিনি কি লাভ করেছেন। দেশের মানুষের ক্ষতি করা ছাড়া তার তথাকথিত আন্দোলনে আর কোনো লাভ হয়নি।

ক্ষুদ্র চাষীদের ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা, নিরীহ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়া বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্থ হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে বলে অ্যাপারেল প্রতিবেদন প্রকাশ করেছে। এক্সপোর্ট বাড়ছে। বায়াররা অর্ডার কম দিয়েছে এই ক্ষতি খালেদা জিয়া করেছেন। জানমাল ব্যবসা বাণিজ্যের ক্ষতি করেছেন এজন্য কৈফিয়ত দিতে হবে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, অবরোধ হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলা করে দেশকে স্বাভাবিক রেখেছে। কঠিন অবস্থার মধ্যে সরকারের উন্নয়নমূলক কাজ বাধায় পড়েনি বলে দাবি করেন তোফায়েল আহমেদ।

এমকে