গাজীপুরে ভোটের আগে পুলিশ এখন পর্যন্ত বিএনপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি তাদের নিঃশর্ত মুক্তি দাবিও করেন তিনি।
আজ সোমবার (২৫ জুন) দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গাজীপুরে ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়েছেন ইসি ও প্রশাসনের কর্মকর্তারা। গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। সেখানে বাছাই করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, তবুও আমাদের বিশ্বাস সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। ভোট যদি কিছুটা সুষ্ঠু ও অবাধ হয় তাহলে ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।
গাজীপুরের পাশাপাশি তিনি বরিশালের আগৈলঝড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেমায়েত তালুকদারকে রোববার মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয় নাই বলেও অভিযোগ করেন।
জেড





