আওয়ামী লীগের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, 'আপনার ছেলে নাকে খত দিয়ে বিদেশে গেছে। মুচলেকা দিয়ে বলেছে, আর কোনোদিন দেশে ফিরবে না। চিকিৎসার নামে বিদেশে গিয়ে চক্রান্ত করছে। ইতিহাস বিকৃতি করছে। সবকিছু রাষ্ট্রদ্রোহিতার শামিল।'

সরকারের এ মন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, 'তারেক রহমানকে ধরে এনে বিচার করতে হবে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।'

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জন, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, 'ষড়যন্ত্রকারীরা জানে, শেখ হাসিনা বেঁচে থাকলে দেশকে পাকিস্তান বানানো সম্ভব নয়। তাই আইএসআইয়ের টাকা নিয়ে ওরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে।'

মায়া বলেন, 'ষড়যন্ত্রকারীরা এখন সৌদি আরবে একত্রিত হচ্ছে। নতুন করে বাংলাদেশকে ধ্বংস ও শেখ হাসিনাকে ব্যর্থ করার জন্য ওরা ষড়যন্ত্র করছে।'

তিনি বলেন, 'বিএনপি এখন হ-য-ব-র-ল। এদেরকে সোজা করার জন্য খালেদা জিয়া আন্দোলনের কথা বলছে। এইভাবে সে বলেই যাবে। ২০১৯ সালের আগে এদেশে কোনো নির্বাচন হবে না।'

ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস