সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, গত তিন বছরে ৭৭৭ জন শিশু আপনার দলের নেতাকর্মী ও প্রশাসনের হাতে খুন হয়েছে। অপরাধীরা অপরাধ করে পার পাওয়ার কারণেই এসব হত্যাকাণ্ড বারবার সংঘটিত হচ্ছে।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রচার দল আয়োজিত ''অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন স্বাধীনতা ও পরাধীন গণমাধ্যম'' র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশে মোয়াজ্জেম হোসেন বলেন, আপনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের মন্ত্রী নন, কারণ সাধারণ মানুষ আপনাকে নির্বাচিত করেনি। আপনার আমলে গণতন্ত্র অবরুদ্ধ নয় বরং পদদলিত, স্বাধীনতা আজ বিপন্ন নয় ভূ-লুণ্ঠিত, গণমাধ্যম আজ পরাধীন নয় শৃংখলিত।

তিনি বলেন, আপনার সরকারের আমলে কোন কিছু নিরাপদ নয়। আপনার সরকারে যাদের মন্ত্রী করেছেন তারাই গণতন্ত্রের বারোটা বাজিয়েছে। ইনুকে আপনি মন্ত্রী করেছেন, যে আপনার পিতার শাসনকে চ্যালেঞ্জ করার জন্য গণবাহীনী গঠন করেছিল। মতিয়া আপনার পিতার গায়ের জামড়া দিয়ে জুতা এবং হাড় দিয়ে ডুগডুগি বানাবে বলেছিল তাদেরই আপনি মন্ত্রী বানিয়েছেন।

জাতীয় শোক দিবস সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুকে জাতীয় নেতা হিসেবে আমিও শ্রদ্ধা করি। কিন্তু আপনারা শোক দিবসের নামে যা করছেন, আপনার পিতা বেচে থাকলে তিনিও লজ্জা পেতেন। আপনি শোক দিবসকে তামাশার দিবস হিসেবে নিয়েছেন, বিভিন্ন বিলবোর্ড দেখলে তাই মনে হয়। বিশাল ব্যানারের এক কোনে ডাক টিকিটের মত বঙ্গবন্ধুর ছবি আর মাঝখানে আপাদমস্তক হাস্যোজ্জল নেতাকর্মীর ছবি, মনে হয় আপনার পিতার মৃত্যুতে তারা খুবই খুশি।

আলোচনা সভায় বাংলাদেশ প্রচার দলের সভাপতি মোহাম্মদ নূরুল আফসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এমএ/ এআর