বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিদেশীদের কাছে ধর্না দিয়ে লাভ নেই।
কোনো বিদেশী প্রভূ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। জনগণ যতদিন চাইবে ততদিন তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় থাকবে।
শনিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আপনারা (বিএনপি) তো বিদেশি প্রভুদের ওপর নির্ভরশীল। তাই জাতিসংঘের আহ্বানে সকল প্রকার সহিংস কর্মসূচি প্রত্যাহার করে জাতিকে রেহাই দিন। তাহলে বাংলার মানুষ আপনাদের ক্ষমা করতে পারে।
তিনি বলেন, অবরোধের নামে যত মানুষকে হত্যা করা হয়েছে। প্রত্যেক হত্যার বিচার হবে। এমনকি হত্যাকান্ডের নির্দেশ দাতা হিসেবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরও বিচার করা হবে।
এসময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দল থেকে বহিস্কার করে বিএনপিকে নষ্ট রাজনীতি থেকে বের করে নিয়ে আসার জন্য খালেদা জিয়াকে পরামর্শ দেন আওয়ামী লীগের এ নেতা।
যুলীগ নেতা ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।
এমআর/এসএইচ





