বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৮ শতাংশ ভোটও পাবে না।
আজ (রোববার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন হলে বিএনপি জয়ী হবে, এটা ভেবেই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন বলে আসছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা। তারা সুষ্ঠু নির্বাচন চাইলে তো সেই দাবি মেনে নির্বাচন দিত।”
মির্জা ফখরুল বলেন, “ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে বিএনপি নাকি আট শতাংশ ভোট পাবে না।’ তাহলে ভোট দিচ্ছেন না কেন? ভোট দেন। আপনারা ভোট দিতে ভয় পাচ্ছেন কেন। সুষ্ঠু নির্বাচন হলে আপনারাই ৮ শতাংশ ভোটও পাবেন না।”
ফখরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সহজে নির্বাচন দেবে না। তারা ভালো করেই জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। আর ভরাডুবি হলে তাদের কী অবস্থা হবে তা জনগণ জানে।”
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি সংসদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী, পাঠক পরিচয়পত্র বিতরণ এবং বই সংগ্রহ কর্মসূচির এই আয়োজন করা হয়।
সহায়ক সরকারের রূপরেখা কখন দেওয়া হবে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, “যখন রাজনৈতিক সুবিধা হবে তখন আমরা সহায়ক সরকারের রূপরেখা দেব।”
সরকারের চার বছরের উন্নয়নের রোল মডেল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আপনারা উন্নয়ন উদযাপন করেছেন। কিসের উন্নয়ন। এরশাদ সরকারও উন্নয়ন উদযাপন করেছিল তাকেও বিদায় নিতে হয়েছে।”
‘বিএনপি একটি অবোধ দল’ অর্থমন্ত্রীর এমন মন্তব্যেরও সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি অবোধ দল আর আপনি বোধ সম্পন্ন মানুষ? শেয়ারবাজারে হাজার কোটি টাকা লুট হলো আপনি বললেন সাড়ে চার হাজার কোটি টাকা কোনো টাকাই না। বেসিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুট হয়, আপনি বলেন, এটা কিছুই না। এটা আপনার খুব বোধের কাজ হয়েছে?”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এমবি





