বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে দূরে সরিয়ে নয়, গণতন্ত্র বিনির্মাণে পাশেই রাখার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
তিনি বৃহস্পতিবার নয়াপল্টনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
এ সময় সরকার চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসায় মেতে উঠেছে বলেও অভিযোগ করে বিএনপির এই উপদেষ্টা বলেন, বিরোধী দলের নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। এতে কার্যত স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার জেনেশুনেই স্থানীয় সরকার ব্যবস্থাকে তছনছ করে ফেলেছে।
তিনি বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে সরকার। আমরা বলছি না যারা দোষী তাদের বিচার হবে না। কিন্তু বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের অন্যায়ভাবে সরিয়ে সে পদে সরকার নিজ দলীয় লোকদের বসিয়ে দিচ্ছে।
রিপন বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আজকে আওয়ামী লীগ প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলের প্রতিনিধিদের সরিয়ে দিচ্ছে বলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি তা করবে না।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য রাজনীতি করে। গণতন্ত্র বিনির্মাণে আমরা আওয়ামী লীগকে বাহিরে রেখে নয়, পাশেই রাখতে চাই।
বিএনপির এই নেতা বলেন, আজ ঢাকা মহানগর বিএনপির নেতা ও অবিভক্ত সিটি কমিশনার চৌধুরী আলমের গুম হওয়ার পাঁচ বছর পূর্তি। দীর্ঘদিন পার হলেও চৌধুরী আলমের পরিবার ও আমাদের মধ্যে তাকে ফিরে পাওয়ার আশার সঞ্চার হয়েছে।
তিনি বলেন, এই আশার কারণ আমাদের দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন দীর্ঘদিন গুম থাকার পর উদ্ধার হয়েছেন। যদিও তাদের পরিবার এখন তাদের কাছে ফিরে পায়নি। তবুও তারা বেঁচে আছে এটাই পরিবারের কাছে বড় প্রাপ্তি।
আসাদুজ্জামান রিপন বলেন, আমরা আশা ও প্রত্যাশ করি, চৌধুরী আলমকে তার পরিবার ফিরে পাবে। কে কোন দল করে সেটা বড় পরিচয় নয়। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ।
এমকে





