বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলামকে পুনরায় গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জামায়াত আমীর বলেন, সরকার মাওলানা শামসুল ইসলামকে গত ১২ মে আটক করে কারাগারে বন্দী রেখেছিল। রাজনৈতিকভাবে হয়রাণী করার হীন উদ্দেশ্যেই সরকার তাকে পুনরায় গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মিথ্যা মামলা দিয়ে সরকার তাকে পবিত্র রমযান মাসে অহেতুক কষ্ট দিচ্ছে। তাকে গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
সকল প্রকার হয়রানি বন্ধ করে মাওলানা শামসুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান মকবুল আহমাদ।
হরতাল-অবরোধে হামলা, নাশকতা ও ভাংচুরের অভিযোগে কয়েকটি মামলায় উচ্চ আদালতের জামিনের নথি হাতে পাওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শামসুল ইসলামকে মুক্তি দেয়া হয়।
এর পরপরই লোহাগাড়া থানার দুটি মামলায় কারা ফটক থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





