আগামী ১০০ বছরেও স্বাধীনতা বিরোধী শক্তিদের সঙ্গে কোন সমঝোতা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস উদযাপন কমিটি-২০১৪” আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি ও খুনিদের সঙ্গে ভোটের রাজনীতির ক্ষেত্রেও কোন রকম সমঝোতা করবে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দল।

তিনি বলেন, বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার সাহসের সঙ্গে শেখ হাসিনা করে যাচ্ছেন। তিনি দূর্নীতির অভিযোগে তার মন্ত্রী সভার সদস্যকেও জেলে ঢুকিয়েছেন। শেখ হাসিনা সাহসের সঙ্গে ৫ জানুয়ারি নির্বাচন না করলে দেশে গণতন্ত্র থাকতো না। আজ আমরা মন খুলে কথা বলতে পারতাম না। এবং বিএনপিও কর্মসূচি পালন করতে পারতো না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, পাকিস্তানের ঘটনা দেখে পুলকিত হওয়ার কিছু নেই। পাকিস্তানের ঘটনা বাংলাদেশে ঘটবে না। ২০১৯ সালের একদিন আগেও বাংলাদেশে নির্বান হবে না। এবং সেই নির্বাচন সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম-হানিফ, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা: মোজাম্মেল হক, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহীউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

ঢাকা, এমআর, ২ সেপ্টেমবর, টাইমনিউজবিডি.কম,এসএইচ