দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ছিল একটি মারাত্মক ভুল। তাদের আন্দোলন ও রাজনীতি ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন এবং সুতিয়া ব্রীজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল বলেন,দেশের বৃহৎ একটি জনগোষ্ঠির সমর্থনে থাকা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল সংসদে না থাকায় আমরা স্বস্তিবোধ করছি না। সরকারে না আসলেও বিরোধী দলে তো থাকতে পারতো। নির্বাচনে না আসাটা যে ভুল ছিল এটা এখন তারাও উপলব্ধি করতে পারছে। আরেকটা জাতীয় নির্বাচন কখন হবে তা সময় ও পরিস্থিতিই বলে দেবে। এই মুহূর্তে নির্বাচন নিয়ে কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন,বিএনপি বর্তমান সরকারকে অবৈধ বলছে আবার এই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। তারা নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলছে আবার এই নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছে। এটা তো ঠিক না।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার,ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু,জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন সড়কের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান,ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস,ত্রিশালের ইউএনও নাসির উদ্দিন,জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন সড়কের প্রকল্প ব্যবস্থাপক মনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন সড়কের ইতিমধ্যেই ২৪ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। দু’টি প্যাকেজের পাঁচটি ব্রীজের মধ্যে একটি আজ উদ্বোধন করা হয়েছে অপর চারটি মার্চের মধ্যে উদ্বোধন করা হবে। মহাসড়কের ৯৮টি কালভার্টের মধ্যে ৬৬টির নির্মাণ ইতোমধ্যেই শেষ হয়েছে,মার্চ নাগাদ বাকীগুলোও শেষ হবে। এই সড়কের ১ ও ২নং প্যাকেজের কাজ মামলার জন্য দু’বছর বন্ধ ছিল। এখন সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পর দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। গাজীপুরের সালনায় একটি ওভারপাস এবং মাওনাতে একটি ফ্লাইওভারের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন,গত তিন মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে কাজের গতি কমে গেলেও এখন কাজে নতুন গতি এসেছে। ৩ ও ৪নং প্যাকেজের কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে। আর সেনাবাহিনী যে অংশে কাজ করছে সেটিও আগামী অর্থ বছরে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]