রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করে আবারো ধাওয়া খেয়েছে ‘আসল’বিএনপি। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল’ বিএনপির কয়েকজন নেতা-কর্মী মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক আগের দেয়া ঘোষণা অনুযায়ী, তারা বিএনপির কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসাতে সেখানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তারা বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মিছিল নিয়ে কিছুসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ের দিকে এগোচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে কেন্দ্রীয় কার্যালয়ে থাকা বিএনপির নেতা-কর্মীরা লাঠি-সোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে তারা পালিয়ে যান।

গত ২৬ নভেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশে কামরুল হাসান বলেছিলেন, ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালতে’তারা বিএনপির গঠনতন্ত্র স্থগিতের রায় পেয়েছেন।পরবর্তী ৩৪ দিনের মধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসবে। সেখানে বিএনপি সম্পর্কে জনতা পরবর্তী রায় দেবেন।

এরপর গত ২জানুয়ারি তার অনুসারীরা বিএনপির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীদের হামলার মুখে পড়েন। এরপর ১৭ জানুয়ারি আবারো একই চেষ্টা করে ধাওয়ার মুখে পড়েন আসল বিএনপি নামধারী নেতা-কর্মীরা।

ওএফ