বিশিষ্ট কবি, কলামিস্ট ও সাংবাদিক ফরহাদ মজহারকে আজ ভোর সাড়ে ৫টায় তার বাসা থেকে একদল লোক অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (০৩ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ জানান।
তিনি বলেন, “কবি ফরহাদ মজহার এদেশের আপামর জনগণের কাছে এক অতি পরিচিত মুখ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনস্বার্থ, আইনের শাসন এবং মানবাধিকারের পক্ষে এক সোচ্চার কন্ঠ।
তার মত ব্যক্তিকে তার বাসা থেকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা গা শিহরে উঠার মত একটি ভয়াবহ ঘটনা। এটি দেশের জাগ্রত বিবেক, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নতুন কোন অধ্যায় কিনা তা নিয়ে জাতিকে ভাবতে হবে।”
জামায়াত সেক্রেটারি আরও বলেন, “আমরা অবিলম্বে কবি ফরহাদ মজহারকে দুষ্কৃতিকারীদের হাত থেকে উদ্ধার করে সুস্থ ও অক্ষত অবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য অতি জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
এর কোন ব্যতিক্রম কারো জন্য কোন শুভ পরিণাম বয়ে আনবে না। আমরা দেশপ্রেমিক জনগণকে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আন্তরিকভাবে আহবান জানাচ্ছি।”(বিজ্ঞপ্তি)
এমবি





