দেশকে রাজাকার মুক্ত করতে হবে। দেশ রাজাকার মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখা হবে। আর যারা রাজাকারদের লালন করেন তাদের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে।

আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগ' একটি বিজয় র‌্যালির আয়োজন করে। র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।

বিজয় দিবসের আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয় এই কর্মসূচিতে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্রে পরিণত করা হবে। উদ্যান সংলগ্ন শিশু পার্কটিকে সরিয়ে নেয়া হবে। স্বাধীনতার ইতিহাসকে ভুলুন্টিত করার জন্য ষড়যন্ত্র করে পার্কটিকে তৈরী করা হয়েছিল।

মোজাম্মেল হক বলেন, বিএনপির কোন অধিকার নেই মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করার। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তিকে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন।

র‌্যালিটি বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এবং সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছার পর শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন ও মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন প্রমুখ।

এমকে